শাহজাহান সাজু (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্ঘটনা ও অকাল মৃত্যু রোধে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনের সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা সংলগ্ন হাজিপুর-কিশোরগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনতা। জানা যায়,উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুরে অবস্থিত প্রাপ্তি আইডিয়াল স্কুলটি হাজিপুর-কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত। গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চাপায় প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নোহা মনি নিহত হন৷
এছাড়াও এর আগে এ স্থানে একাধিকবার সড়ক দুর্ঘটনা শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রাপ্তি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক আলাল মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা প্রমূখ।
এ সময় বক্তারা সড়কে দ্রুত সময়ের মধ্যে গতিরোধক স্থাপনের দাবি জানান। উক্ত মানববন্ধনে নিহত নোহামনির পরিবারের সদস্যসহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়টির সামনে সড়কে গতিরোধক নির্মাণের জোরালো দাবি জানান।
কিশোরগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম জানান, উপজেলা কমিটির মাধ্যমে প্রস্তাবনা পেলে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নোহা মনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন বিষয়টি শুনেছি। এলজিইডির প্রকৌশলীর সাথে কথা বলে খুব শীঘ্রই বিদ্যালয়টির সামনে একটি গতিরোধক নির্মাণ করা হবে।