মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ
দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা আজ রাতে মশাল মিছিল কর্মসূচি পালন করেছে। এই মিছিলের মাধ্যমে তারা নারীদের প্রতি সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে এবং দেশে নারী নির্যাতন ও বৈষম্য বন্ধের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।
মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ এলাকায় এসে শেষ হয়। শিক্ষার্থীরা তাদের হাতে মশাল নিয়ে স্লোগান দেয়, “নারী ধর্ষণ হবে না”, “নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক”, “সবাই মিলে নারীর নিরাপত্তা নিশ্চিত করি” প্রভৃতি স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানায়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দেশের নানা অঞ্চলে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা বাড়ছে, যা মোটেও কাম্য নয়। নারীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষা করার জন্য সরকারের কঠোর পদক্ষেপের আহ্বান জানানো হয় তাদের পক্ষ থেকে।
মশাল মিছিলের আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, এই কর্মসূচি সামনের দিনগুলোতে আরো বৃহত্তর আকারে করা হবে যাতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং সহিংসতার বিরুদ্ধে সকলকে একযোগে প্রতিবাদী করা যায়।
এ ধরনের আন্দোলন দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়তে পারে, যার মাধ্যমে দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদ জানানো হবে।