মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আজিজ সুপার মার্কেটের ‘বিএম গার্মেন্টস এন্ড ফ্যাশন’ নামক দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’ লেখা ভেসে ওঠার ঘটনায় বিপাকে পড়েছেন দোকানের মালিক ও কর্মচারীরা। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বিএম গার্মেন্টস এন্ড ফ্যাশনের কর্মচারীরা বিষয়টি বুঝতে পেরে লেখা পরিবর্তন করার চেষ্টা করেন, কিন্তু তাতে সফল হতে না পেরে বোর্ডটি নামিয়ে ফেলেন। দোকানের মালিক শহিদুল ইসলাম জানান, একটি মোবাইল অ্যাপস নিয়ন্ত্রিত ডিজিটাল সাইনবোর্ডে নিয়মিতভাবে দোকানের নাম প্রদর্শিত হয়ে আসছিল, তবে গত শনিবার সন্ধ্যায় সাইনবোর্ডের লেখা হঠাৎ বদলে গিয়ে ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’ ভেসে ওঠে। দোকান মালিকের দাবি, কোনো একটি চক্র অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এই লেখাটি পরিবর্তন করেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সাইনবোর্ডটি থানায় নিয়ে আসা হয়েছে। নগর পুলিশ কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
দোকান মালিক জানান, তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং তার কর্মচারীকে ঘটনাটি জানিয়ে বোর্ডটি নামিয়ে ফেলতে বলেন। তিনি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং হ্যাকারদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।