৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

অবশেষে মিললো রায়গঞ্জের পড়ে থাকা অজ্ঞাত মরদেহের পরিচয়

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে উদ্ধার অজ্ঞাতনামা মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত কামাল হোসেন চঞ্চল (৩০) বরিশালের গৌরনদী উপজেলার নলছিরা ইউনিয়নের পিঙ্গলাকাঠ গ্রামের বেপারীবাড়ির শাহজাহান বেপারীর ছেলে। তিনি ঢাকার ধানমণ্ডি ৭ নম্বর রোডের কেএফসির সামনে রিজিয়া বেগম নামক নিজ বাসায় থাকতেন।

গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাসার সামনে থেকে তিনি নিখোঁজ হন। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিঝুরি তালতলা এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘ব্রিজের নিচে একটি ধানক্ষেতের মধ্যে ওই যুবকের মরদেহ পড়ে ছিল। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক পরিচয় না পাওয়ায় প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের সংবাদ দেওয়া হয়।

রবিবার রাত সোয়া ১০টার দিকে কামাল হোসেন চঞ্চল ঢাকার নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে তার স্ত্রী কামরুন্নাহার সূচনা ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি করেন।’
তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে কামাল হোসেন চঞ্চলকে হত্যার পর ওই ধানক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়েছিল। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।’

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনরা থানায় এসেছে। ময়নাতদন্ত শেষে আজই (মঙ্গলবার) তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্বজনরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

নিহতের চাচাতো ভাই সরোয়ার ইসলাম বলেন, ‘কামাল হোসেন চঞ্চল ঢাকার বাসার সামনে মোবাইল সরঞ্জামের ব্যবসার পাশাপাশি একটি সমবায় সমিতি পরিচালনা করত।

কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং মরদেহ কেন সিরাজগঞ্জের ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আজ মঙ্গলবার নিহতের মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top