কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থীর ফাইনাল পরীক্ষার ফরম পূরণের টাকা আত্মসাৎ করার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশকে অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত কলেজের বিজয় ২৪ ছাত্রাবাসের নিচ তলার একটি কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ও কলেজ শিক্ষকরা ঘটনাস্থলে পৌঁছান এবং শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পান।
শিক্ষার্থীরা জানান, প্রতিজনের কাছ থেকে ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকা করে মোট ৪ লক্ষাধিক টাকা উত্তোলন করেন আকাশ। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের আশ্বাস দিলেও ২৫ ফেব্রুয়ারি, ফরম পূরণের শেষ দিনেও কোনো শিক্ষার্থীর ফরম পূরণ না হওয়ায় তারা আকাশকে প্রশ্ন করেন।
পরে আকাশের বড় ভাই আরিফুজ্জামান আপেল শিক্ষার্থীদের ফরম পূরণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন, কিন্তু শিক্ষার্থীরা তখনও আকাশকে অবরুদ্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতাউল হক খান চৌধুরী জানান, আকাশের ভাই ৫৪ জন শিক্ষার্থীর ফরম পূরণ করার ব্যবস্থা নিয়েছেন এবং পুলিশসহ শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে ফরম পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।