মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ
আজ (২৭ ফেব্রুয়ারি ২০২৫) কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে বিজিবি কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত “সিনহা স্মৃতিফলক” এর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য আইন অনুযায়ী সকল সহায়তা প্রদানের অঙ্গীকার করেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ২০২০ সালের মধ্য রাতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর নামক স্থানে নিরস্ত্র মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান, পিএসসি (অবঃ) চেকপোস্টে দায়িত্বরত পুলিশের গুলিতে নিহত হন। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২৬ জুলাই ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন।
তিনি ২০০৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং পরবর্তীতে ২০০৪ সালে কমিশন লাভ করেন। চাকরি জীবনে তিনি একজন দক্ষ ও চৌকস সেনা অফিসার হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০১৩ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভোরিকোস্টে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি, জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার; মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ; মেজর সিনহার মা ও বোন; সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব এর সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।