চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের জানাজা শেষ হয়েছে।
আজ ২৮-০২-২৫ শুক্রবার জুমার পরে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজায় অংশ নেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও চট্রগ্রাম মহানগর নেতৃবৃন্দ।
দেখা যায়, জানাজায় অংশ নিতে সকাল থেকে দূর-দূরান্তের মানুষ আসতে থাকেন জমিয়তুল ফালাহ মসজিদে। মানুষের সব স্রোত এসে মিশে দামপাড়ায়।
কারও হাতে ফুলের তোড়া, বুকে শোকের কালো ব্যাজ। দেখতে দেখতে মসজিদ কমপ্লেক্স ভরে যায় মুসল্লিতে। মাঠও কানায় কানায় ভরে যায় জুমার নামাজের আগে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শেষবারের মতো অনেকে জননন্দিত রাজনীতিক, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মুখটি দেখেন।
জানাজায় আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য হামেদ হাসান এলাহী প্রমুখ।
জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।
বিএনপির পক্ষ থেকে জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আবদুল্লাহ আল নোমান ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান।
আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।