শরীয়তপুর প্রতিনিধি, মোঃ হায়াত মাহমুদ:
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির সন্দেহে উত্তেজিত জনতার হাতে গণপিটুনির ঘটনা ঘটেছে। পরে সন্দেহভাজন ব্যক্তিদের সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। এই ঘটনায় কয়েকজনের নিহত হওয়ার গুঞ্জন শোনা গেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কীর্তিনাশা নদীতে একটি স্পিডবোটে ডাকাত প্রবেশ করেছে বলে এলাকাবাসী সন্দেহ করে। এ সময় স্থানীয়রা চিৎকার করলে আগন্তুকরা গুলি চালায়, এতে কয়েকজন আহত হন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী স্পিডবোটটিকে ধাওয়া করে এবং রাজগঞ্জ এলাকায় আটক করে। পরে সন্দেহভাজনদের ধরে উত্তম-মধ্যম দেয় জনতা। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে এবং নিজেদের হেফাজতে নেয়।
সন্দেহভাজনদের গণপিটুনিতে কয়েকজন নিহত হয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।