৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রমজানকে ঘিরে লেবুর দামে আগুন ব্যবসায়ী ও ক্রেতাদের অসন্তোষ

চট্টগ্রাম প্রতিনিধিঃ

রোজার ইফতারে শরবতের অন্যতম অনুষঙ্গ লেবু। এবার পবিত্র রমজানে সেই লেবুর জন্য গুনতে হবে বাড়তি টাকা। একমাস ধরে ধাপে ধাপে বেড়েছে দাম।

বাজারে এখন ১ হালি (৪টি) লেবু ৪০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। জাতভেদে দাম ৮০ টাকাও চাওয়া হচ্ছে।

গত কয়েকদিন ধরে নগরের বিভিন্ন বাজার ঘুরে এসব জানা গেছে।

রমজান মাসে ইফতারে লেবুর শরবত খুবই জনপ্রিয়। লেবুর চাহিদা থাকে বেশি। পবিত্র রোজা ঘিরে লেবুর দাম বাড়ানোর বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না ক্রেতারা।

নগরের রিয়াজউদ্দিন বাজারে তিন আকারের লেবু দেখা গেছে। সবচেয়ে বড় লেবুর ডজন ২০০ থেকে ২৫০ টাকা। মাঝারি ১৬০ থেকে ২০০। আর ছোট আকারের ১২০ থেকে ১৫০।

মো. জামাল নামে একজন লেবু ব্যবসায়ী বলেন, ‘কিছুদিন আগেও একবস্তা লেবুর দাম ছিলো চার থেকে পাঁচ হাজার টাকা। এখন কিনতে হয় সাড়ে ১৪ থেকে ১৫ হাজার টাকায়। বেশি দামে কেনা, তাই বিক্রিও বেশি দামে।’

তিনি জানান, প্রতি বস্তায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার লেবু থাকে।

মেসার্স মাগুরা বাণিজ্যালয়ের সামনে লেবু বিক্রি করছিলেন মো. শাহআলম। তিনি বলেন, ‘লেবুর এখন সিজন না, তাই দাম বেশি। উৎপাদন খরচও বেশি। চাষিদের কাছ থেকেই বেশি দামে কেনা, বাড়তি দামে বেচা।’

তার মতে, বৃষ্টির সিজনে লেবুর দাম কমে যাবে। তখনই মূল সিজন লেবুর। ফলন বেশি হলে দামও কমে যয়। পাইকারি আড়তে বড় ১ পিস লেবু ৯ থেকে ১২ টাকায় বিক্রি হচ্ছে আর ছোট সাইজের লেবুর দাম ৫ থেকে ৭ টাকা বলেও জানান তিনি।

রমজানে চাহিদা বেশি থাকে। তবে এবার লেবুর সিজন আসেনি এখনো। এমন সময় রোজার মাস পড়েছে। সিজন ছাড়া দাম কমার সম্ভাবনাও কম বলে জানান এই ব্যবসায়ী।

খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা ১ হালি লেবুর দাম চাচ্ছেন ৬০ থেকে ৮০ টাকা। প্রতি জোড়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

জানা গেছে, গত একমাস ধরেই ধাপে ধাপে বেড়েছে লেবুর দাম। একমাস আগেও লেবুর হালি ছিলো ২০ থেকে ৩০ টাকা। সেই লেবু কয়েক ধাপে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

ক্রেতারা সবাই প্রায় অভিন্ন অভিযোগ করে বলেন, একদিন পর রমজান মাস শুরু। তাই দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। প্রত্যেক বছর রোজা আসলেই নানা অজুহাতে দাম বাড়িয়ে দেয়া হয়।

মো. শামীম নামে একজন ক্রেতা আক্ষেপ করে বলেন, ‘রমজান মাস এলেই লেবু আপেল হয়ে যায়। লেবু আর আপেল একই দামে বিক্রি হয় বাজারে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top