মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় রাতের আঁধারে আম-কাঁঠালের বাগান দখল করে টিনের চালা নির্মাণের অভিযোগ উঠেছে। জমির মালিক পুলিশের কাছে অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামের মৃত ওয়ালিউল্লার ছেলে ও পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত বিভাগীয় কর্মকর্তা (এসডি) রুহুল আমিন দীর্ঘ ৩০ বছর ধরে ৭ শতাংশ জমিতে আম ও কাঁঠালের বাগান করে ভোগদখল করে আসছিলেন।
তবে গত বৃহস্পতিবার রাতে মৃত মোফাজ্জল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) এর নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র ব্যক্তি ওই জমি জবরদখল করে। দখলের পর সেখানে দুটি টিনের ঘর নির্মাণ করা হয়।
ভুক্তভোগী রুহুল আমিন ডিমলা থানায় অভিযোগ করলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান।
অন্যদিকে অভিযুক্ত জাহিদুল ইসলাম দাবি করেছেন, জমিটি তাদের পৈত্রিক সম্পত্তি এবং বিষয়টি জানার পর তারা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। ব্যর্থ হওয়ায় জমি নিজের আয়ত্তে নিয়েছেন বলে জানান তিনি।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উভয় পক্ষকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জমির প্রকৃত মালিকানা নির্ধারণে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।