মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুর দেড়টায় রাজবাড়ী শহরের ২ নম্বর রেলগেটে আনুষ্ঠানিকভাবে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার বলেন, জেলা প্রশাসনের আয়োজনে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী এই ন্যায্যমূল্যের বাজার চালু করা হলো। পুরো মাসব্যাপী এ বাজার চলবে। সরাসরি কৃষকরা এখানে কোনো প্রকার খাজনা বা খরচ ছাড়াই পণ্য বিক্রি করতে পারবেন। সাধারণ মানুষ ন্যায্যমূল্যে এখান থেকে সব ধরনের সবজি ক্রয় করতে পারবেন। পাশাপাশি ন্যায্যমূল্যের বাজারে একটি টিসিবির ট্রাকসেল থাকবে, যেখান থেকে প্রতিদিন ৮ শতাধিক মানুষ সাড়ে ৪ শত টাকায় টিসিবির তেল, ডাল, ছোলা ও চিনি সংগ্রহ করতে পারবেন।
পরে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার ও অন্যান্যরা ন্যায্যমূল্যের বাজার ঘুরে দেখেন। এ বাজারে পেঁয়াজ, পাতাকপি, কলা, তরমুজ, কুমড়া, মরিচ, কাঁচকলা, টমেটো, শসা, লাল শাক, ডাটা শাকসহ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে।
