মোঃ নাঈম ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মাহমুদপুর উত্তরপাড়া এলাকায় আজ বুধবার (৫ মার্চ) ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন।
২০২২ সালে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মরিয়ম মেমরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত ফিরোজ আহম্মেদ ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছেন। এমনকি পরিবারটির সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনাও ঘটেছে। ফলে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এলাকাবাসী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ফিরোজ আহম্মেদের বিচার নিশ্চিত করা, তার অপতৎপরতা বন্ধ করা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। ভুক্তভোগী পরিবার দ্রুত ন্যায়বিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।