৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচন ও সংস্কার জরুরী, লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান প্রয়োজন : এ্যানী

মোহাম্মদ আবুল বাশার, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কারের বিষয়টি অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন। তিনি দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছেন। এ্যানী বলেছেন, ৫ আগস্ট সারাদেশে থানাগুলোতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে যেসব অস্ত্র লুট করা হয়েছে, সেগুলোর এখনো উদ্ধার সম্ভব হয়নি। প্রায় ৬ মাস অতিবাহিত হলেও এসব অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে চলে যাচ্ছে।

এ্যানী আরও বলেন, আওয়ামী লীগের কাছে থাকা অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে। তিনি ফ্যাসিবাদীদের দোসরদের বিরুদ্ধে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন এবং দাবি করেছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তবর্তীকালীন সরকারকে বিশেষ অভিযান চালাতে হবে। তিনি এই বিষয়ে বিএনপির পূর্ণ সমর্থন ও সহযোগিতার কথা জানিয়েছেন।

বুধবার সকালে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন বিতরণকালে এসব মন্তব্য করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে। লক্ষ্মীপুরে প্রায় ১ হাজার বান্ডাইল ঢেউটিন বিতরণ করা হয়।

এ্যানী বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। চুরি, ডাকাতি, হামলা, মারামারি সহ অন্যান্য অপরাধ বৃদ্ধি পাচ্ছে, এবং এসব অপরাধে থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যবহার রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এসব অস্ত্র ব্যবহার করে নির্বাচনের সময় কেন্দ্র দখল করার চেষ্টা হতে পারে, তবে তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকা যাবে না। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশের উন্নতি বাধাগ্রস্ত করেছেন এবং আমাদের দায়িত্ব হলো দেশকে সেই অবস্থা থেকে উদ্ধার করে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা। এজন্য সংস্কার এবং একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন জরুরি।

এ্যানী সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন বাংলাদেশের ভবিষ্যত নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top