৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভোজ্যতেলে নির্ধারিত মূল্যের বেশি নিলে আইনানুগ ব্যবস্থা: চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেওয়ার পর বাজার পরিদর্শনে গিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি খুচরা বিক্রেতাদের চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও জেলা প্রশাসনের নির্ধারণ করে দেওয়া মূল্যে তেল বিক্রি করার নির্দেশ দেন।

এদিকে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণসহ অবৈধ মজুদের বিষয়ে চসিক ও জেলা প্রশাসনের হুঁশিয়ারির পর বাজার পরিদর্শনে গিয়ে ‘উধাও’ হওয়া সেসব তেলের হদিস পেয়েছেন মেয়র শাহাদাত হোসেন।

বুধবার (৫ মার্চ) নগরীর কাজির দেউড়ি বাজারে পরিদর্শনে যান তিনি।

মেয়র জানান, খোলা ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। কেউ এই দামের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাজার স্থিতিশীল রাখতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি বাজারে মনিটরিং টিম কাজ করছে।

মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ নির্ধারিত দামের বেশি বিক্রি করে বা মজুতদারি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‘আমরা সিটি করপোরেশন ও জেলা প্রশাসন ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে খোলা তেলের দাম নির্ধারণ করে ডিক্লেয়ার দিয়েছিলাম। সেটা দেখতেই মনিটরিং করতে এখানেই এসেছি। আগে যেখানে বোতলজাত সয়াবিন তেল লিটার ১৮০ থেকে ১৯৫ টাকা বিক্রি করা হতো, সেটা এখন ১৭৫ টাকায় বিক্রি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, জনগণ এখন অনেক সচেতন। তারা অন্যায়ভাবে বেশি দামে তেল কিনবে না। যদি কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা চায়, তাহলে জনগণকে প্রতিবাদ করতে হবে এবং আমাদের ম্যাজিস্ট্রেট টিমকে জানাতে হবে।

নির্ধারিত এ তেলের দাম যতক্ষণ পুরো চট্টগ্রামে ১০০ শতাংশ কার্যকর না হবে ততদিন আমাদের অভিযান চলবে। আমাদের ম্যাজিস্ট্রেট প্রতিদিন বাজার মনিটরিং করবে। যারা নির্দেশনা মানবে না তাদের আইনের আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top