মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ
গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী ও লামারপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত ডাকাত আবুল খায়ের ও নারী মাদক ব্যবসায়ী কোহিনূরকে আটক করা হয়।
বুধবার দিবাগত রাতে শুরু হওয়া এই অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স অগ্রগামী ভূমিকা পালন করে। অভিযানের সময় ডাকাত আবুল খায়ের যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি জলাশয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করলে, নৌবাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করে এবং আটক করতে সক্ষম হন।
জিজ্ঞাসাবাদের পর, তার দেওয়া তথ্য অনুযায়ী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের একটি বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়, যেখানে ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামক এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ডাকাত আবুল খায়ের বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, ডাকাতি এবং মাদক ব্যবসাসহ ৮টি মামলা রয়েছে, যা থানা সূত্রে জানা গেছে। পরবর্তীতে, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।

এই যৌথ অভিযানটি নৌবাহিনী ও পুলিশের একসাথে কাজ করার দক্ষতা এবং তাদের পেশাদারিত্বের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, যা অপরাধীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।