আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত হয়েছেন নেজাম উদ্দিন ও আবু ছালেক নামে দুজন। নিহতদের মধ্যে নেজামের মরদেহের পাশে পাওয়া গেছে অত্যাধুনিক ও প্রাণঘাতী একটি পিস্তল, যা চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে লুট হয়েছিল। এ ঘটনায় বুধবার (৫ মার্চ) সাতকানিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।
থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে পাঁচ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আসামিরা হলেন— কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কবির আহাম্মদের ছেলে আলমগীর, ৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের ছেলে ফরহাদ, ৮ নম্বর ওয়ার্ডের আলমগীরের ছেলে মো. ফারুক ওরফে কালা ফারুক, উত্তর কাঞ্চনা দীঘির পাড় এলাকার গুরা মিয়ার ছেলে সাইফুদ্দীন ওরফে সাবু এবং এওচিয়া ইউনিয়নের চুড়ামণি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে সিএনজি চালক হারুন।
এজাহার ও পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, নেজামের মরদেহের পাশে থেকে উদ্ধার করা পিস্তলটি ‘টরাস টিএইচ’ মডেলের ৯ মিলিমিটার ক্যালিবারের। TKU39161 নম্বরের এই পিস্তলের বডির ওপরের অংশের এক পাশে “TAURUS BP-2017 MTC MADE IN BRAZIL” এবং অপর পাশে “TH9 9X19” লেখা রয়েছে। সিরিয়াল নম্বর মিলিয়ে পুলিশ নিশ্চিত হয়েছে, অস্ত্রটি নগরের কোতোয়ালি থানায় ব্যবহৃত হতো।
৪ দশমিক ২৭ ইঞ্চি ব্যারেল এবং অ্যাডজাস্টেবল টু-ডট রিয়ার সাইট সুবিধার কারণে আধা স্বয়ংক্রিয় এই অস্ত্র দিয়ে নিখুঁতভাবে গুলি করা সম্ভব। মাত্র ৬ ইঞ্চি দৈর্ঘ্যের এই পিস্তলের সঙ্গে দুটি ম্যাগাজিন ছিল, যাতে ১৭ রাউন্ড গুলি রাখা যায়। বিশেষায়িত এই পিস্তলটি ব্রাজিলের সাও পাওলোতে তৈরি। এ ছাড়া, গুলির পাশে পাওয়া ছয়টি গুলির খোসার পেছনে ইংরেজিতে “NR BP 2020” লেখা রয়েছে।
৬ মার্চ চট্টগ্রাম জেলা পুলিশ কমিশনার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, নিহত আবু ছালেকের নামে হত্যা, ডাকাতি ও বিস্ফোরক আইনে মোট ৮টি মামলা রয়েছে, আর নেজামের নামে রয়েছে একটি মামলা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত তিন মাসে নিহত দুজন আটবার ওই এলাকায় যাতায়াত করেছেন। স্থানীয় এক ইউপি সদস্যের স্ত্রীকে চাঁদার জন্য চড় মারার ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়।
প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, কোনো নিষিদ্ধ সংগঠন বা পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠীর সম্পৃক্ততা নেই। বরং নেজাম ও ছালেক স্থানীয়ভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।