সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধিঃ
নেত্রকোনার মোহনগঞ্জে রাব্বি হত্যা মামলায় সারোয়ার ইসলাম পলাশ (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বি হত্যা মামলায় এ পর্যন্ত পলাশসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পলাশ বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে পলাশ মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া এলাকায় বসবাস করছেন।
সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় রাব্বি মোহনগঞ্জ পৌর শহরের মৎস্য আড়তে মাছ বিক্রেতা রাব্বিকে ছুরিকাঘাত হত্যা করে কয়েকজন।
এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওসি আমিনুল ইসলাম বলেন, রাব্বি হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পলাশ নামে যুবককে গ্রেপ্তার করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।