দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং ধর্ষকদের বিচারের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে গিয়ে শেষ হয়। এসময় ‘তুমি কে, আমি কে? আছিয়া, আছিয়া’ আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে সিকৃবির বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহমুদুর রহমান বলেন “আমরা এমন দেশের জন্য রক্ত দেইনি যে দেশে আমাদের বোন ধর্ষিতা হয়,আমাদের মায়েরা মেয়ের জন্য চিন্তা করে বাইরে গেলে মেয়ের সম্মান থাকবে কি না! স্বৈরাচার সরকারের আমলে আমরা কোনো ধর্ষকের বিচার হতে দেখিনি।আমরা চাই এই চব্বিশের বাংলায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। তাহলে এই নিকৃষ্ট কাজ করতে বাকি হায়নাদের অন্তর কাঁপবে।প্রশাসনকে বলবো দ্রুত ধর্ষকদের চিহ্নিত করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার সম্পুর্ণ করুন।”
বৈষম্যবিরোধী ছাত্রনেতা আল হোসাইন বলেন,
“বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই,আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিন।আপনাদের এমন অবহেলার জন্য ৫ আগস্ট আসেনি।যারা দায়িত্ব পালনে একনিষ্ঠ তাদের দায়িত্ব দিয়ে একটি ধর্ষণমুক্ত,অরাজকতামুক্ত দেশ আমাদের উপহার দিন।”
এদিকে একইদিন বিকাল চারটায় আছিয়া সহ সকল নারী, শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মাহবুব ই এলাহী সহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, নারীর ওপর নির্যাতন এবং সহিংসতার মাত্রা, ধরন ও নিষ্ঠুরতা বেড়েছে বহুগুণ। এজন্য নারীবিদ্বেষী মানসিকতা, আচরণ ও সংস্কৃতি পরিহার করা, নারীর ওপর সংঘটিত প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে নির্যাতনকারীদের যথাযথ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।