সৈয়দ শিহাব উদ্দিন মিজান, মৌলভীবাজার প্রতিনিধিঃ
কমলগঞ্জ : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নে জিআর (গ্রাটুইটাস রিলিফ) চাল বিতরণে ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিজন সুবিধাভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে মিলছে মাত্র ৮.৫ কেজি!
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, চাল বিতরণের সময় নিয়ম অনুযায়ী ১০ কেজির চাল দেওয়ার কাগজে স্বাক্ষর নেওয়া হচ্ছে, তবে বাস্তবে দেওয়া হচ্ছে ৮.৫ কেজি করে। ফলে প্রতি বস্তায় কমপক্ষে ১.৫ কেজি করে চাল আত্মসাৎ করা হচ্ছে।
একাধিক সুবিধাভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সরকারি সাহায্যের চাল নিতে গিয়ে ওজনে কম পাচ্ছেন, অথচ রশিদ অনুযায়ী ১০ কেজি চাল নিয়েছেন বলে স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তারা।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন,
“আমাদের হাতে ১০ কেজির কাগজ ধরিয়ে দেওয়া হয়, কিন্তু ওজনে ৮.৫ কেজি পাই। এটা খুবই অন্যায়। দরিদ্র মানুষের জন্য বরাদ্দ চাল যারা আত্মসাৎ করছে, তাদের বিচার হওয়া দরকার।”
আরেক সুবিধাভোগী রহিমা খাতুন বলেন,
“আমরা গরিব মানুষ, সরকার আমাদের সাহায্য দিচ্ছে, কিন্তু ইউনিয়নের কিছু অসাধু ব্যক্তি সেটা কাটছাঁট করে নিজেদের পকেট ভারী করছে।”
এ বিষয়ে আলিনগর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে একাধিক বার কল দিলে যোগাযোগ করা সম্ভব হয় নি।
তবে ইউনিয়নের একাধিক গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা
স্থানীয় বাসিন্দারা দ্রুত এ বিষয়ে তদন্ত চালিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।