১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইসরায়েলে সর্ববৃহৎ রকেট হামলা, পাল্টা অভিযানে গাজায় উত্তেজনা

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

গাজা, ৬ এপ্রিল ২০২৫ (রবিবার): গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, রোববার রাতে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১০টি রকেট নিক্ষেপ করা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি রকেট প্রতিহত করেছে। তবে বাকি রকেটগুলোর মধ্যে অন্তত একটি আশকেলন শহরে আঘাত হানে। এতে কিছু ক্ষয়ক্ষতি হয় এবং ৩০ বছর বয়সি একজন ব্যক্তি রকেটের ধ্বংসাবশেষে আহত হন। তাকে শহরের বারজিলাই হাসপাতালে নেওয়া হয়। আরও দুজন ব্যক্তি বাঙ্কারের দিকে দৌড়ে যাওয়ার সময় আহত হন এবং মানসিকভাবে ভেঙে পড়া বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি রকেট আশকেলনের একটি বহুতল আবাসিক ভবনের কাছে আঘাত হানে। হামলার দায় স্বীকার করেছে হামাস। তবে এই হামলার জন্য চরম মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্র সফরের পথে বিমানে উঠেই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজকে ফোন করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামাসের বিরুদ্ধে আরও কঠোর সামরিক অভিযানের অনুমোদন দেন তিনি। পরে প্রতিরক্ষামন্ত্রী কার্টজ এক বিবৃতিতে জানান, তিনি আইডিএফকে চলমান অভিযান অব্যাহত রাখার পাশাপাশি তা সম্প্রসারিত করার নির্দেশ দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, মার্চে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি ভেঙে পড়ার পর এটি হামাসের সবচেয়ে বড় হামলা এবং এর ফলে গাজা অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top