৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিদেশি মিশনে জনবল বৃদ্ধিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

বিদেশে অবস্থানরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশিকে উন্নত সেবা প্রদানে সরকার কনস্যুলেট জেনারেল অফিসসহ বিদেশি মিশনগুলোতে জনবল বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডে–২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আমরা মানবসম্পদ বাড়ানোর প্রচেষ্টা শুরু করেছি, বিশেষ করে কনস্যুলার পদগুলোতে। আশা করছি এই প্রচেষ্টায় অন্তত আংশিক সাফল্য পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি প্রবাসীরা যেসব সমস্যার সম্মুখীন হন, তার ৮০ শতাংশই দেশে অভিবাসনের আগেই সৃষ্টি হয়, বাকি ২০ শতাংশ হয় অভিবাসন গন্তব্যে। তবে বিদেশি মিশনগুলোকে ১০০ শতাংশ সমস্যার সমাধান করতে হয়—এটা বাস্তবসম্মত নয়। তাই দেশের ভেতরেই মূল সমস্যা সমাধানে গুরুত্ব দিতে হবে।”

সীমিত জনবল ও সুযোগ-সুবিধা নিয়েও বাংলাদেশের মিশনগুলো বিশ্বজুড়ে এক কোটিরও বেশি প্রবাসীকে সেবা দিচ্ছে জানিয়ে উপদেষ্টা উদাহরণ টানেন সৌদি আরবের। তিনি বলেন, “সৌদি আরবে প্রায় ৩২ লাখ বাংলাদেশি রয়েছেন। মাত্র ৫০ জন কর্মকর্তার একটি মিশন এত মানুষের সেবা কীভাবে দেবে?”

প্রবাসীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তৌহিদ হোসেন বলেন, “প্রবাসীরা ইচ্ছা করে কনস্যুলেটে যান না, অধিকাংশই চরম প্রয়োজন থেকেই আসেন। তাদের অনেকের আচরণ হয়তো সবসময় ভালো নাও হতে পারে, তবে সহায়তার প্রয়োজনীয়তা থাকে প্রবল।”

তিনি বিদেশি মিশনে কর্মরত কর্মকর্তাদের দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের বিষয়টি গুরুত্ব দিয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top