৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত, হাইকোর্টের আদেশ

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট আবেদন দায়ের করেছিলেন।

নির্বাচনী প্রক্রিয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হয়েছিলেন। প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ২৮ জন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

চূড়ান্ত তালিকা অনুসারে, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। অন্যান্য পদগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন প্রার্থী ছিলেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা সদস্য পদে হওয়ার কথা ছিল, যেখানে ২১৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। মোট ২৮টি পদে এই ৪৭১ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ডাকসু নির্বাচন সম্পন্ন হওয়ার কথা ছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top