নিজস্ব প্রতিনিধি:
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
জাহিদ হোসেন বলেন, খুব শিগগিরই এবং জাতীয় নির্বাচনের অনেক আগেই দেশে ফিরবেন তারেক রহমান। দেশে থেকে তিনি সরাসরি দলকে নেতৃত্ব দেবেন।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তা কোনোভাবেই সফল হবে না। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ আবারও সুযোগ খুঁজছে উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, পেছনের দরজা দিয়ে জনগণের অধিকার হরণ করা সম্ভব নয়। তাই সবাইকে চলমান ষড়যন্ত্র প্রতিহত করতে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।