নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারার ওপর আওয়ামীলীগের সন্ত্রাসী নেতাকর্মীদের হামলার চেষ্টা ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

আজ (মঙ্গলবার) রাতে বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান স্বাক্ষরিত বিবৃতিতে লেবার পার্টি মনে করে, অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গীদের ওপর সংগঠিত এই হামলার চেষ্টা ও হেনস্তা শুধুমাত্র গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয়, এটি ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি সতর্কবার্তাও বটে। আওয়ামীলীগের সন্ত্রাসীরা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়ে বিদেশে পালিয়েছে। গণহত্যায় জড়িত থাকার কারণে এই দলকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এই হামলা শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।
বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক বলেন, আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করি, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।