২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার: মাদক ব্যবসার প্রতিবাদ করায় হত্যার অভিযোগ

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর আলমগীর হোসেন আলীম (৩২) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল মডেল থানা পুলিশ সংগ্রামকালী বাজারের পাশে একটি জঙ্গলে পরিত্যক্ত ডোবা থেকে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। নিহত যুবক স্থানীয় মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলমগীর হোসেন আলীম উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকালী গ্রামের আবুল কালাম ও মনোয়ারা বেগমের পুত্র। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাড়িতে খাওয়া-দাওয়ার পর তিনি সংগ্রামকালী বাজারের মৃত দুলাল মিয়ার পুত্র আতাবুরের দোকানে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তাঁর পরিবার নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে।

শনিবার দুপুরে শিয়াল-কুকুরের অস্বাভাবিক আনাগোনা দেখে নিহতের ছোট ভাই শাহআলমের সন্দেহ হয়। সংগ্রামখালী বাজারের আতাবুরের দোকানের পেছনে জঙ্গলে মাটিতে সাদা রঙের পাউডার এবং সেখান থেকে দুর্গন্ধ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজনকে নিয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি লাশ দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি আলীমের লাশ উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি বঁটি দা এবং অদূরে বাপাইল বিল থেকে নিহতের পোশাক উদ্ধার করা হয়।

নিহতের চাচাতো ভাই শাহআলম অভিযোগ করে বলেন, “কয়েকদিন পূর্বে স্থানীয় দোকানদার আতাবুর, সাইদুল, মাসুদ ও সাদেকের মাদক ব্যবসার প্রতিবাদ করেছিল আলমগীর। এরপরই বুধবার থেকে সে নিখোঁজ হয় এবং শনিবার তাঁর লাশ দেখতে পাই। আমরা ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই।”

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top