২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বিদ্যমান সার সরবরাহ নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) নীলফামারী জেলা ইউনিটি। সোমবার দুপুরে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক তাসর কুমার সাহা লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সভাপতি মো. আব্দুল ওয়াহেদসহ জেলা ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সার বিতরণ নীতিমালা ২০২৫ প্রণয়নের খবর প্রকাশিত হয়েছে। অথচ দীর্ঘ ৩২ বছর ধরে বিদ্যমান নীতিমালার মাধ্যমে কৃষকরা সরকার নির্ধারিত দামে সময়মতো সার পাচ্ছে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় রাখা সম্ভব হয়েছে।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, নতুন নীতিমালা চালু হলে কৃষক পর্যায়ে সার সংকট দেখা দিতে পারে। সার ডিলার নিয়োগ ও পুনঃনিয়োগের জটিলতা তৈরি হলে কৃষকরা ভোগান্তিতে পড়বে এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে। একই সঙ্গে ব্যাংক ঋণ, দোকান ভাড়া, কর্মচারীর বেতন ও পরিবহন খরচ বাড়ায় ডিলাররাও আর্থিক চাপে পড়বেন।

তারা আরও জানান, বিদ্যমান নীতিমালার আওতায় কৃষক ও ডিলারদের মধ্যে একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। কৃষকের চাহিদা অনুযায়ী ডিলাররা সময়মতো সার সরবরাহ করছে। নতুন নীতিমালা কার্যকর হলে সেই সম্পর্ক ভেঙে যাবে এবং সার বিতরণ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়ে বলেন, কৃষকের স্বার্থে ও দেশের খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকারকে সার বিতরণ নীতিমালা ২০২৫ প্রণয়নের উদ্যোগ থেকে বিরত থাকতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top