নিজস্ব প্রতিনিধি:
ফ্যাসিবাদী সংগঠন হিসেবে ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা কবে উঠবে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সফরে গিয়ে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বক্তব্য দেওয়ার পর এ বিষয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই। বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি পূজামণ্ডপ পরিদর্শনে ছিলেন।
তিনি বলেন, “যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন সেটি স্থায়ী নাকি অস্থায়ী—এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে। তবে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হবে, এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।”
প্রধান উপদেষ্টার বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া অশান্ত পাহাড় পরিস্থিতি নিয়ে তিনি জানান, পাহাড়কে যারা অশান্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
বুধবার দুপুরে তিনি বরিশাল সার্কিট হাউসে পৌঁছে নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।