নিজস্ব প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
এর আগে একই রাতে কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায়ও আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে গভীর রাতে একটি বাস পার্ক করে রাখা ছিল। তখন অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, “মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে গভীর রাতে আগুন দেওয়ার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।” এ ঘটনায় বাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা শনাক্তে তদন্ত শুরু করেছে।