প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন – “এক দেশের ভেতর দিয়ে অন্য দেশের ট্রানজিট দিলে ক্ষতি কী”।
মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ভারতের রেলপথ নিয়ে সমালোচনা হচ্ছে কেন, তা বুঝতে পারছি না। ইউরোপে তো এক দেশের সঙ্গে অন্য দেশের কোনো বর্ডার নেই। তাতে কি বিক্রি হয়ে গেছে তারা? এতে বরং যোগাযোগ সুবিধা বেড়েছে তাদের। একইসঙ্গে ব্যবসা-বাণিজ্যও বেড়েছে।
কীসের মাধ্যমে দেশ বিক্রি হয়—সেই প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, যারা বলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, তারা বলুক বিক্রিটা কীসের মাপে হচ্ছে? মাপটা কীসের মাধ্যমে হচ্ছে?
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ। মুক্তিযুদ্ধ করে এ দেশ আমরা স্বাধীন করেছি। যারা সমালোচনা করে তাদের জানা উচিত, একটি মাত্র মিত্র শক্তি আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীনে সহযোগিতা করেছে। পৃথিবীতে যারা মিত্র শক্তি যারা যুদ্ধে সহযোগিতা করে তারা কিন্তু ওই দেশ ছেড়ে যায়নি। এখনো জাপানে আমেরিকান সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য আছে।
এ প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, তবে ভারত কিন্তু ব্যতিক্রম। তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে যুদ্ধ করে এসেছে। কিন্তু স্বাধীনতা-পরবর্তীকালে ভারত সরকার তাদের সৈন্য ফেরত নিয়ে গেছেন। এরপরও যারা কথা বলে, ভারতের কাছে বিক্রি হয়ে যাবে তারা এ কথা বলে কীভাবে? আসলে যারা এ কথা বলে তারা নিজেরাই ভারতের কাছে বিক্রি করা।