কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দীর্ঘ ৬ ঘণ্টা অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ মোড় থেকে সরে গেছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন।
শাহবাগ অবরোধের কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে যান। এর আগে এদিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগে যান এবং শাহবাগ মোড় ৬ ঘণ্টা অবরোধ করে রাখেন।
কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আজ আমাদের কর্মসূচি স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আমরা আগামীকাল শুক্রবার অনলাইন ও অফলাইনে গণসংযোগ করবো এবং এই কর্মসূচি সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা হবে। এরপর শনিবার বিকেল ৩টায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল করা হবে। রোববার সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করা হবে। তবে শনিবার বিক্ষোভ মিছিলের পর পরবর্তী কর্মসূচি জানানো হবে।