মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসায় বিভিন্ন পদে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ৫০ জন প্রার্থী আবেদন করলেও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে গোপনে অল্পসংখ্যক মনোনীত প্রার্থীকে প্রবেশপত্র (কার্ড) ইস্যু করে পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়।
এ বিষয়ে মোঃ আমিন হোসেন জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন, এর আগেও একাধিকবার পিরাপত্তা কর্মী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। সর্বশেষ গত ২২ নভেম্বর ২০২৫ তারিখে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে এবারও পূর্বের মতো নিয়ম-নীতি উপেক্ষা করে নির্দিষ্ট প্রার্থীদের নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পূর্ব ঘোষণা ছাড়াই তা দুপুর ২টা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, সময় পরিবর্তনের বিষয়টি ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছিল, যাতে নির্ধারিত প্রার্থীরাই সুবিধা পায়।
অভিযোগকারী মোঃ আমির হোসেনসহ কয়েকজন প্রার্থী জানান, পিরাপত্তা কর্মী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদনকারী প্রায় ৫০ জন হলেও মাত্র কয়েকজনকে গোপনে কার্ড দিয়ে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়েছে। তারা পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন প্রশ্নপত্র ও পূর্ণাঙ্গ তদারকিতে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ বলেন, “উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।”
এদিকে স্থানীয়দের দাবি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তারা স্বচ্ছতা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ তদারকিতে পুনরায় নিয়োগ পরীক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।