মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে জেলার কিশোরগঞ্জ উপজেলার মুশা বটতলা এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল শাহপাড়া এলাকার হাসেম আলীর ছেলে আশরাফ আলী (২৫), দুরাকুটি ডাকঘরপাড়ার তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন এবং একই এলাকার সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান (২১)। বিষয়টি বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস।
মামলার বিবরণে জানা যায়, দক্ষিণ দুরাকুটি একরামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ওই ছাত্রী মাদ্রাসায় যাতায়াতের সময় আশরাফ আলী দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানার পর ছাত্রীর বাবা তাকে নিষেধ করলে আশরাফ ক্ষিপ্ত হয়ে ওঠে।
পরিকল্পনা অনুযায়ী গত ২৯ ডিসেম্বর ভোর আনুমানিক ৫টার দিকে ছাত্রীটি বাড়ির পেছনের বাথরুমে গেলে আশরাফ ও তার সহযোগীরা মোটরসাইকেলে তুলে তাকে অপহরণ করে।
এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা মোটরসাইকেলটি আটকানোর চেষ্টা করলেও অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে ছাত্রীর বাবা আশরাফুল হক বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে এবং ওই রাতেই মুশা বটতলা এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযানে গিয়ে ছাত্রীকে উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ছাত্রীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য নীলফামারী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।