১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাবরিনাসহ ৭ জনের নামে মামলা

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. সাবরিনা শারমিন হুসাইনসহ সাতজনের নামে করোনাভাইরাসের ভুয়া প্রতিবেদন দিয়ে জেকেজি হেলথ কেয়ারের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১০ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় আসামিদের নামে দণ্ডবিধির ১৬৮/৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্য আসামিরা হলেন- জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী ও স্বত্বাধিকারী জেবুন্নেসা রিমা। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তানজিনা পাটোয়ারীকে আসামি করা হয়েছে।

২০২০ সালে করোনা মহামারি শুরুর পর করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠে। ওই বছরের ২৩ জুন জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হকসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ।

আসামির আরিফ তার স্ত্রী ডা. সাবরিনা প্রভাব কাজে লাগিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে করোনা স্যাম্পল কালেকশন কাজ নেন। টেস্ট ফি হিসেবে টাকা নেওয়ার বিধান না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে নমুনা সংগ্রহ করে ভুয়া ও জাল রিপোর্ট প্রস্তুত করেছেন ও তা সেবাগ্রহীতাদের কাছে সরবরাহ করেছেন। ফলে মহামারি সময়ে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার ঘটেছে ও জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে।

স্বাস্থ্যের সাবেক ডিজির বিষয়ে বলা হয়, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে কোডিডকালীন দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাহীন, নিবন্ধনবিহীন, ট্রেডলাইসেন্সবিহীন ডা. সাবরিনার স্বামী আরিফুল চৌধুরীর ওভাল গ্রুপের নামসর্বস্ব প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারকে কোভিড-১৯ এর স্যাম্পল সংগ্রহের অনুমতি দিয়ে মহাপরিচালক হিসাবে সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top