মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দু’টি আসন থেকে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার।
শনিবার (০৩ জানুয়ারী) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মনোনয়ন বাছাই কার্যক্রম। এতে রাজবাড়ী-১ আসনের বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও জাকের পার্টির চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
অপর দিকে, দুপুরে অনুষ্ঠিত হয় রাজবাড়ী-২ আসনের মনোনয়ন বাছাই কার্যক্রম। এতে বিএনপি, জামায়াতসহ ৭ প্রার্থীকে বৈধ ঘোষণা আর মনোনয়নে বিভিন্ন প্রকার অসঙ্গতি থাকায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাঃ আব্দুল মালেক, খেলাফত মজলিস মোহাম্মদ কুতুব উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মোঃ আব্দুল মালেক মন্ডল, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাহিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
রাজবাড়ী-১ আসনের প্রার্থীরা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা জামায়াতের আমির এ্যাডঃ নূরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস।
রাজবাড়ী-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির হারুন-অর-রশিদ, সতন্ত্র সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির মোঃ সফিউল আজম খান, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপির জামিল হিজাজী, খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম।
যাচাই-বাছাই কার্যক্রমে রাজবাড়ী স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান উদ্দিন এবং ব্যাংক কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থক সহ অনেকে উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ দু’টি আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে থেকে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা ইচ্ছা করলে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনার বরাবর আপিল করতে পাবেন।