বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) কর্মকর্তা-কর্মচারীরা একযুগে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত ছিলেন। প্রশ্নফাঁসে পিএসসির দুই উপপরিচালক, সহকারী পরিচালক ও দুইজন অফিস সহায়কসহ ১৭ জনকে গ্রেফতারের ঘটনায় করা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। এসব ফাঁস করা প্রশ্নে মোটা অংকের টাকার বিনিময়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন অনেকেই। মূলহোতাদের চিহ্নিত করার জন্য নানা তথ্য সংগ্রহ করছে সিআইডি।
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কর্মকর্তাদের গ্রেফতারে সরকারের শীর্ষ মহলের সবুজ সংকেত রয়েছে বলেও জানা গেছে। এরই মধ্যে গ্রেফতারে ছয়জনের জবানবন্দিতে নাম আসা পিএসসির কর্মকর্তা-কর্মচারী, চাকরি পাওয়া কর্মকর্তা ও প্রশ্নপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের সদস্যদের গ্রেফতারে মাঠে কাজ করছে সিআইডির গোয়েন্দা দল।
আর গ্রেফতারদের সঙ্গে ব্যাংকিং লেনদেন, জব্দ মোবাইল ফোনের তথ্য ও জবানবন্দির ভিত্তিতে ফেঁসে যেতে পারেন পিএসসির বেশকিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশ্নপত্র ফাঁসে চাকরি পাওয়া কর্মকর্তারা।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, পিএসসির পরীক্ষা-শাখা (নন-ক্যাডার), তথ্য-প্রযুক্তি শাখা, ইউনিট-১২ ও পিএসসি সিলেট আঞ্চলিক কার্যালয়ের বেশকিছু কর্মকর্তা-কর্মচারীর নাম সামনে এসেছে। পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলামের জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে।
একটি সূত্রে জানা গেছে, পিএসসির অন্তত ছয় কর্মকর্তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। এর বাইরে আরও ৯ জনের তথ্য পেয়েছে সিআইডি। যারা পরীক্ষার বুথ পরিচালনা ও টাকা সংগ্রহ করতেন। এছাড়া মামলায় পলাতক কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, তাদের যেকোনো সময় গ্রেফতার করা হবে।
পাওয়া যাচ্ছে আরও যে পাঁচ কর্মকর্তার নাম
রেলওয়ের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পিএসসির ছয় কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার হয়ে এখন কারাগারে। কেবল এই ছয়জনই নন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত হিসেবে পিএসসির আরও পাঁচ কর্মকর্তা-কর্মচারীর নাম সামনে এসেছে, যারা বিভিন্ন সময় ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছিলেন। তাদের মধ্যে মধ্যম পর্যায়ের কর্মকর্তাও আছেন। আবার অফিস সহায়ক ও গাড়িচালকও আছেন।
এই পাঁচজন হলেন, পিএসসির পরিচালক এনামুল বশির, সহকারী পরিচালক আবদুর রউফ, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, অফিস সহায়ক ডন কুমার ও গাড়িচালক আতাউর রহমান।
পিএসসি সূত্র থেকে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে এই পাঁচজনকেই একসময় চাকরিচ্যুত করেছিল পিএসসি। পরে এনামুল বশির ও আবদুর রউফ প্রশাসনিক ট্রাইব্যুনাল ও আদালতের মাধ্যমে চাকরি ফিরে পান। অফিস সহায়ক ডন কুমার ও গাড়িচালক আতাউর রহমান চাকরিচ্যুত হয়েছেন দুই বছর আগে। সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় গত বছর অবসরে গেছেন।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, বেশকিছু নতুন তথ্য পেয়েছি। যেগুলো যাচাই-বাছাই করা প্রয়োজন। রিমান্ডে আসামিদের পেলে সবকিছু বিষয় জানা যাবে।