চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং অন্যজন পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজন আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম ওয়াসিম আকরাম (২৩) ও পথচারীর মো. ফারুক (৩৩)।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী।
চট্টগ্রাম নগরের মুরাদপুর-ষোলশহর এলাকায় ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে কোটাবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ছাত্রলীগের কারো কারো হাতে অস্ত্রও দেখা গেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুরাদপুর-ষোলশহর এলাকায় চলছে দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে।