মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উত্তরের জেলা নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থলে তিস্তা ব্যারেজের পাশে এক বিশাল নির্বাচনী জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে জনসভার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুর সাত্তার। এ সময় দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাওলানা আব্দুর সাত্তার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী ও লালমনিরহাট জেলার প্রার্থী এবং নেতাকর্মীদের নিয়ে এই জনসভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “দলের আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে দুপুর ১২টায় তিস্তা ব্যারেজে পৌঁছাবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।”
তিনি আরও দাবি করেন, এ জনসভায় দুই জেলার প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে।
তিস্তা নদী প্রসঙ্গে মাওলানা আব্দুর সাত্তার বলেন, “তিস্তা উত্তরের জীবনরেখা। প্রতি বছর এ নদীর ভাঙনে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারাচ্ছে। দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা শোনা গেলেও তা আজও আলোর মুখ দেখেনি। জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা এই তিস্তা পাড়ের জনসভা থেকেই আসবে।”
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম বলেন, “আমাদের আমির সেদিন লালমনিরহাটের তিনজন এবং নীলফামারীর চারজন প্রার্থীর হাতে প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেবেন।”
তিনি জানান, জনসভায় প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং দেশের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান, মানুষের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামায়াত আমির।
আব্দুল হালিম আরও বলেন, “এ জনসভা হবে আগামীর উন্নয়ন নির্ধারণের জনসভা। এখানে ১১-দলীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।”
জনসভাকে ঘিরে তিস্তা ব্যারেজ এলাকা ও আশপাশের অঞ্চলে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।