৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (নজরুল বিশ্ববিদ্যালয়) শুরু হলো সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনের জিয়া হায়দার ল্যাবের সামনে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে এ নাট্যোৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

এসময় অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “নাটক, সাহিত্য ও সিনেমা সমাজের দর্পণ। নাটকের মাধ্যমে সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। এতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ বিষয়গুলো অনুধাবন করতে পারে। নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা সমাজের বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করার সক্ষমতা অর্জন করেছে।”

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের পরিবেশনা জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও ছড়িয়ে দেবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসমত আরা ভূঁইয়া ইলা। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।

পাশাপাশি নাট্যোৎসব উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরোনো কলা ভবনে এসে শেষ হয়।

উল্লেখ্য,নাট্যোৎসবে সাত দিনে মোট ১৪টি নাটক মঞ্চায়িত হবে। প্রতিদিন দুটি করে নাটক পরিবেশিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে নাটক শুরু হবে। নাটকগুলোর নির্দেশনা, পরিচালনা ও পরিবেশনায় অংশ নিচ্ছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top