মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-৫৪ বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি ) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত দীঘিনালার বাঘাইহাট বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় এবং ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম, এএমসি-এর সঞ্চালনায় স্থানীয় নাগরিক ও ভোটারদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়, সে জন্য সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। ভোটারদের নির্ভয়ে, স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।
এ সময় উপস্থিত স্থানীয় ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আশ্বাস দেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
৫৪ বিজিবি কর্তৃপক্ষ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত এ ধরনের মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।