৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় ভোট অনিয়মের অভিযোগে প্রশাসনের কাছে তিন প্রার্থীর স্মারকলিপি

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীঘিনালায় পোস্টাল ব্যালটসহ ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ তুলে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তিন প্রার্থীর প্রতিনিধিরা।
বুধবার(৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

২৯৮ নং সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের পক্ষে স্মারকলিপি প্রদান করেন প্রবীণ জ্যোতি দেওয়ান। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে স্মারকলিপি দেন প্রমোদ মুৎসুদী। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন আনোয়ার হোসেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, দীঘিনালা পোস্ট অফিসে অবৈধভাবে প্রভাব খাটিয়ে পোস্টাল ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের সিল মারতে ভোটারদের বাধ্য করা হচ্ছে। যা নির্বাচনীয় বিধি ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নির্বাচনীয় বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর আবেদন জানানো হয়।


স্মারকলিপি প্রদানকালে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের পক্ষে উপস্থিত নেতারা বলেন, যারা জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।
এ সময় ২৯৮ নং আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সমর্থকরা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন থেকেই দীঘিনালায় পোস্টার ও পোস্টাল ব্যালট ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে এবং জোরপূর্বক ভোট গ্রহণের চেষ্টা করা হচ্ছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, একটি মহল আওয়ামী লীগের মতো আচরণ করে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। পোস্টার ও পোস্টাল ব্যালট ছিনিয়ে নেওয়ার ঘটনায় তারা তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম পারভেজ বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্মারকলিপি প্রদান শেষে নেতারা বলেন, প্রশাসনের কার্যকর উদ্যোগের মাধ্যমে যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা হোক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top