৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নিজেদের সৃষ্টি ফ্যাসিবাদের যন্ত্রণা এড়াতেই তারা দেশ ছেড়েছে—তিস্তার হেলিপ্যাডে জামায়াত আমীর

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নিজেদের সৃষ্টি করা ফ্যাসিবাদী ব্যবস্থার পরিণতি এড়াতেই একটি গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা বিপদের সময় দেশ ছেড়ে যাই না। দেশ ও মানুষের পাশে থেকেই লড়াই করি।”

বুধবার (৪ফেব্রুয়ারি) বিকেল নীলফামারীর ডালিয়ায় তিস্তার হেলিপ্যাডে জামায়াতে ইসলামী নীলফামারী ও লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকার পরিকল্পিতভাবে দেশ ও জনগণের সম্পদ লুটপাট করে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। তাদের উদ্দ্যেশে কঠোর ভাষায় তিনি বলেন, “এনাফ ইজ এনাফ—অনেক হয়েছে, এবার রাজনীতি থেকে সরে যাও।” একই সঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশকে আর কোনোভাবেই বিভক্ত হতে দেওয়া হবে না।

তিস্তা নদীর বর্তমান বাস্তবতা তুলে ধরে জামায়াত আমীর বলেন, “তিস্তা এই অঞ্চলের গর্ব ও অহংকার হওয়ার কথা ছিল। অথচ আজ তিস্তা দুঃখের প্রতীকে পরিণত হয়েছে।”

তিনি ঘোষণা দেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে তিস্তা নদীতে হাইড্রোপাওয়ার প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে কার্যকর করা হবে। তার ভাষায়, তিস্তা অববাহিকাই উত্তরবঙ্গের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে ‘সৎ মায়ের সন্তান’-এর মতো আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

‘হ্যাঁ ভোট’ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “হ্যাঁ ভোটের পক্ষের শক্তি কখনোই বস্তাপচা রাজনীতি, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসের সঙ্গে নেই। এরা জুলাইয়ের শক্তি।” তিনি আরও বলেন, হ্যাঁ ভোটের বিজয় মানেই জনগণের বিজয়, আর এর পরাজয় মানেই জনগণের পরাজয়।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করে তিনি বলেন, রাজনীতি ও দুর্নীতি একসঙ্গে চলতে পারে না। প্রশ্ন রেখে তিনি বলেন, “দুর্নীতি আর রাজনীতির সম্পর্ক কোথায়?” যারা দুর্নীতিতে লিপ্ত, তারা মূলত রাষ্ট্রীয় সম্পদের ডাকাত—এমন মন্তব্যও করেন তিনি।

বিচার বিভাগ প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যেখানে একই অপরাধে রাষ্ট্রপতি ও সাধারণ নাগরিক—সবার জন্য একই শাস্তি নিশ্চিত থাকবে।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমাদের সঙ্গে নিয়েই আমরা যৌবন ও তারুণ্যে দীপ্ত একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।”

লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়নসহ নীলফামারী ও লালমনিরহাট জেলার সাতটি সংসদীয় আসনের প্রার্থী এবং ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top