৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সৈয়দপুরে আসামি ছিনতাই: ৫ জনের নামসহ অজ্ঞাত ৩০–৪০ জনের বিরুদ্ধে মামলা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে প্রতারণা মামলার এক আসামিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের কাছ থেকে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পিবিআই পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বাদী হয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতেই সৈয়দপুর থানায় মামলাটি করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক রোড এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার একটি প্রতারণা মামলার আসামি মহসিন আল মামুন ওরফে মন্টুকে গ্রেপ্তারের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ পিবিআইয়ের একটি টিম সৈয়দপুরে অভিযান পরিচালনা করছিল।

গ্রেপ্তারকৃত ওই আসামি সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং খালেদ মার্কেটে তাঁর একটি গার্মেন্টস কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে থাকা পিবিআই পুলিশের একটি দল ব্যবসা প্রতিষ্ঠান থেকে মহসিন আল মামুনকে আটক করে। এ সময় তিনি ও তাঁর সহযোগীরা ‘ভুয়া ডিবি পুলিশ’ বলে চিৎকার করে মব সৃষ্টি করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা পিবিআই পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় নারায়ণগঞ্জ পিবিআই পুলিশের উপ-পরিদর্শক মফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান ও রোকনুজ্জামান আহত হন। এ ছাড়া কনস্টেবল সত্যেন্দ্রনাথ এবং পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসের চালক মো. হাসান মিয়াও হামলার শিকার হন। ঘটনার সময় উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের বহনকারী মাইক্রোবাসটি ভাঙচুর করে। এই বিশৃঙ্খলার সুযোগে আটক আসামি মহসিন আল মামুন পালিয়ে যেতে সক্ষম হন।

খবর পেয়ে সৈয়দপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পিবিআই সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাঁদের সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, “আমাদের একটি টিম নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের অংশ হিসেবে সৈয়দপুরে অভিযান পরিচালনা করছিল। এ সময় স্থানীয় কিছু লোক ভুল বোঝাবুঝি কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top