নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ – জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ৮২৬ আসামিসহ ছিনিয়ে নেওয়া ৯ জঙ্গির মধ্যে জুয়েল ভূঁইয়া (২৬) নামের আরও এক জঙ্গিকে গ্রেফতার করেছে । একইসঙ্গে কারাগার থেকে লুট হওয়া ৪৫টি অস্ত্র, হাতকড়া ও এক হাজার ৯১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। আর এ পর্যন্ত আত্মসমর্পণ করেছেন ৪৮১ জন কয়েদি।
বৃহস্পতিবার (২৫ জুলাই) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুয়া এলাকা থেকে হিজবুত তাহরীর সংগঠনের নেতা জুয়েল ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। তার আগে কারাগার থেকে ছিনিয়ে নেওয়া ৯ জঙ্গির মধ্যে দুই নারী গ্রেফতার হন। এ নিয়ে পালিয়ে যাওয়া তিন জঙ্গিকে গ্রেফতার করা হলো। গ্রেফতার জঙ্গি জুয়েল ভূঁইয়া নরসিংদীর শিবপুর উপজেলার কাজিরচর গ্রামের আবুল ভূঁইয়ার ছেলে।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুক্রবার (২৬ জুলাই) নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, স্বাধীনতাবিরোধীরা কারাগারে অগ্নিসংযোগ করেই ক্ষ্যান্ত হননি। তারা ডিসি অফিস, এসপি অফিস, আদালত পাড়াসহ সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করেন। তারা কারাগার থেকে লুট করা অস্ত্র ও গুলি দিয়ে পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করেন। নরসিংদী জেলা পুলিশের সদস্যরা জীবনবাজি রেখে তাদের সঙ্গে সম্মুখযুদ্ধ করে সরকারি সম্পদ ও জানমাল রক্ষা করেন।
তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধীদের হামলায় পুলিশের চার সদস্য গুরুতরসহ ৩৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে এক পুলিশের মাথায় ৭৫টি সেলাই লেগেছে। একজনের অবস্থা এখনো গুরুতর।
লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, নরসিংদী জেলা কারাগারে হামলার পরপরই লুট হওয়া অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযানে নামে পুলিশ। মাত্র পাঁচ দিনের ব্যাবধানে লুট হওয়া ৮৫টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪৫টি অস্ত্র উদ্ধার করা হয়।