নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটের প্রথম প্রহরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মো. মামুনুল হক।
বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক। ভোট প্রদানের আগে তিনি কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সকাল থেকে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন এবং নিরাপত্তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
রাজধানীর জাতীয় সংসদীয় আসন ঢাকা-১৩ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
এই আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীকে, মিজানুর রহমান ট্রাক প্রতীকে এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভোটকেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মোতায়েন রাখা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে নগরজুড়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।