মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে জাহিদ ফকির (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বিনোদপুর এলাকার মাহাতাব ফকিরের ছেলে।
নিহতের বড় ভাই মামুন ফকির জানান, সকালে জাহিদ ফকির বাড়িতেই ছিলেন। দুপুরের দিকে বাড়ির পাশের স্কুল মাঠে যান তিনি। এ সময় অজ্ঞাত ৪ থেকে ৫ জন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তার চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবু রাসেল বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।