মনির হোসেন, সখিপুর উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ উত্তর পাড়ায় শিল্পী বেগম (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পী বেগম স্বামী ফারুক মিয়া (১৯)-এর সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে তার শাশুড়ি পারভিন (৪০) সেহরির রান্নার জন্য তাকে ডাক দেন। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে হলে ফারুক মিয়া ঘুম থেকে উঠে ঘরের ভেতর খোঁজ নিতে যান। এ সময় তিনি স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, দাম্পত্য জীবনে তেমন কোনো বড় ধরনের কলহের কথা তারা শোনেননি। তবে হঠাৎ এমন ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।