সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত এবং একই পরিবারের তিনজনসহ চারজন গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে নিহতের লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় সূত্র ও নিহতের মামা রেজাউল করিম জানান, গত ১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে দ্বিতীয় বাইপাস বেতগাড়ি এলাকায় একটি দ্রুতগামী বাস পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দিলে চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য ছিলেন। গুরুতর আহত গৃহবধূ চামেলি খাতুন (স্বামী: জুয়েল) চিকিৎসাধীন অবস্থায় ১৯ ফেব্রুয়ারি রাত দুইটার দিকে মারা যান।
নিহতের দুই বছরের শিশু সন্তান সোয়াদ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার ডান পা অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করেছেন। আহত অপর শিশু কন্যা নেহাও চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ইজিবাইক চালক সেলিম (পিতা: সেকেন্দার) আহত হন।
চামেলি খাতুনের মৃত্যুর পর শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে বিক্ষুব্ধ এলাকাবাসী বেতগাড়ি লিচুতলা বাইপাস মোড়ে নিহতের লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক হাজার মানুষ সড়কে অবস্থান নেন। অবরোধ চলাকালে এলাকাবাসী বেতগাড়ি বাইপাস মোড়ে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানান। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।