মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নারুয়া বাজারে ভ্রাম্যমান আদালত কার্যক্রমে ইফতার সামগ্রী, মিষ্টান্ন, মুদি দোকান ও ফলের দোকান সমূহে পণ্যের মান, সামগ্রিক পরিবেশ, ক্রয় রসিদ ইত্যাদি পর্যবেক্ষণ ও যাচাই, সচেতন ও সতর্কীকরণ এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
এ সময় রফিকুল মোল্লা নামের এক মিষ্টান্ন ও ইফতার সামগ্রী বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ খাদ্য সামগ্রী যথাযথ ভাবে ঢেকে না রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
অভিযানকালে ইফতার সামগ্রী, মিষ্টান্ন, মুদি ও ফলের দোকানগুলোতে পণ্যের মান, সামগ্রিক পরিবেশ এবং ক্রয় রসিদ যাচাই করা হয়। এ সময় অসঙ্গতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি দোকানদারদের সচেতন ও সতর্ক করা হয়।
নারুয়া বাজারে উপস্থিত ক্রেতারা জানান, “পবিত্র মাহে রমজানে বাজারের পণ্যের মান ও দাম নিয়ে অনেক সময় উদ্বেগ থাকে। এ ধরনের অভিযান নিয়মিত হলে সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।”
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, “জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার রক্ষায় আমরা সবসময় কঠোর অবস্থানে থাকব।”