মোঃ নাঈম উদ্দিন সিরাজী, বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাধারণত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। তবে এ বছর ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করে আলোচনায় এসেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শাখা।
সংগঠনটির কমিটির সদস্যরা ফুল বা ব্যানার প্রদর্শনের পরিবর্তে নিজেদের ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তামান্নার চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
সংগঠনের আহ্বায়ক মোঃ আবু সাঈদ ও সদস্য সচিব মোহাম্মদ হাসান সংগঠনের পক্ষ থেকে তামান্নার সহপাঠীদের নিকট নগদ অর্থ হস্তান্তর করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা এ উদ্যোগকে মানবিক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
নেতৃবৃন্দ জানান, ভাষা আন্দোলনের চেতনা কেবল আনুষ্ঠানিক আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়; বরং মানুষের অধিকার, সহমর্মিতা ও মানবিকতার পক্ষে অবস্থান গ্রহণই একুশের প্রকৃত তাৎপর্য। অসুস্থ সহপাঠীর পাশে দাঁড়ানোর মাধ্যমে তারা সেই চেতনাকেই বাস্তবে প্রতিফলিত করতে চেয়েছেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। অনেকেই একে “একুশের চেতনায় মানবিক সংহতির উজ্জ্বল দৃষ্টান্ত” হিসেবে আখ্যায়িত করেছেন।