কাজী রিয়াজ, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
সকাল ৮টায় তালা পুরাতন স্কুল মাঠ থেকে একটি প্রভাতফেরি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর ইমান আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিদুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ বলেন, “রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সালাম, রফিক, জব্বারসহ অসংখ্য শহীদ আত্মত্যাগ করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লক্ষাধিক মানুষ শহীদ হয়েছেন। সাম্প্রতিক গণআন্দোলনেও বহু শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন। আমি সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করছি।”
তিনি আরও বলেন, “যে বাংলা ভাষার জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছেন, সেই ভাষা এখনও দেশের সব অফিস-আদালতে পুরোপুরি চালু হয়নি। এখনো অনেক ক্ষেত্রে ইংরেজিতে চিঠিপত্র লেখা হয়। দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস-আদালতে বাংলা ভাষায় দাপ্তরিক কার্যক্রম নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “দল-মত নির্বিশেষে আমি সকলের এমপি। সবাইকে সঙ্গে নিয়ে তালা উপজেলার সার্বিক উন্নয়ন করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।”
আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।